logo

প্রধানমন্ত্রীর সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনাসহ আঞ্চলিক উন্নয়নের আশায় নদীপাড়ের লাখো মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনাসহ আঞ্চলিক উন্নয়নের আশায় নদীপাড়ের লাখো মানুষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে কেন্দ্র করে তিস্তাপাড়ে চলছে প্রস্তুতি। ছবি: এশিয়া পোস্ট

তিস্তাপাড়ের দীর্ঘদিনের হাহাকার, নদীভাঙনের কান্না আর চরম অবহেলার শিকার উত্তরের সীমান্তবর্তী জনপদ লালমনিরহাটে এখন বইছে আনন্দের জোয়ার। আগামীকাল ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষের একটাই প্রত্যাশা দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা। যুগ যুগ ধরে ভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের অপর নাম হয়ে ওঠা তিস্তা নদীশাসনের স্থায়ী সমাধান এবং লালমনিরহাটের দীর্ঘদিনের বঞ্চনা দূর করার এক সোনালি রূপরেখা এই সফর থেকেই আসবে বলে বিশ্বাস সবার। সরকারের নীতিনির্ধারক মহলের পক্ষ থেকেও এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের কাজ দ্রুত এগিয়ে চলেছে, যা নদীপাড়ের মানুষের বুকভরা আশার জন্ম দিয়েছে।

Advertisement

লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তিস্তা তীরবর্তী হাজার হাজার মানুষ আজও পোহাচ্ছেন চরম দুর্ভোগ। প্রতিবছর বর্ষাকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর সর্বগ্রাসী বন্যায় তিস্তার তাণ্ডবে নিমেষে বিলীন হয়ে যায় শত শত বিঘা আবাদি জমি, বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠান। নদীভাঙনের শিকার মানুষগুলোর চোখের জল যেন তিস্তার পানির সঙ্গেই মিশে একাকার হয়ে গেছে।

তিস্তাপাড়ের প্রবীণ কৃষক সাইফুল কবির আক্ষেপ করে বলেন, বাপ-দাদার ভিটেমাটি সব গেছে তিস্তার পেটে। এখন নদীর চরে কোনোমতে পলিমাটিতে ফসল ফলিয়ে সংসার চালাই। কিন্তু সেটাও চোখের পলকে কেড়ে নেয় ভাঙন। প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন শুনে আমাদের মনে একটু আশা জেগেছে। আমরা চাই, তিনি যেন এসে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন, যাতে আমাদের আর ঘরবাড়ি হারাতে না হয়। শুধু কৃষক নন, জেলেরাও দিন কাটাচ্ছেন চরম উৎকণ্ঠায়। তাদের একটাই আকুতি নদী শাসনের স্থায়ী ব্যবস্থা না হলে তিস্তাপাড়ের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে বহু গ্রাম।

শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, স্বাধীনতার পর থেকে নানা রাজনৈতিক ও ভৌগোলিক কারণে পিছিয়ে থাকা লালমনিরহাট জেলার মানুষের রয়েছে আরও কিছু জোরালো ও ঐতিহাসিক দাবি। ব্রিটিশ আমলে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালু করার দাবি আজ এই অঞ্চলের গণদাবিতে রূপ নিয়েছে। একসময় এই বিমানবন্দরটি সামরিক ও অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘ কয়েক দশক ধরে এটি অবহেলিত ও অব্যবহৃত পড়ে আছে। স্থানীয়দের মতে, এই বিমানবন্দরটি চালু হলে শুধু লালমনিরহাট নয়, পুরো উত্তরবঙ্গের যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থায় এক অভাবনীয় বিপ্লব ঘটবে।

একই সঙ্গে, দীর্ঘদিন বন্ধ থাকা ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালুর যে প্রক্রিয়া সম্প্রতি দুই মন্ত্রীর পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে, তা নিয়েও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে নতুন স্বপ্ন জেগেছে। এই স্থলবন্দরটি চালু হলে ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে এবং হাজার হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বুড়িমারী স্থলবন্দর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। বর্তমান যোগাযোগ ব্যবস্থার নাজুক দশা কাটাতে বুড়িমারী থেকে রংপুর হয়ে ঢাকা পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করা এবং জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ও আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও আজ তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের মুখে মুখে।

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সেলিম সবুজ জানান, ভৌগোলিকভাবে অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ একটি সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছে লালমনিরহাট। এখানকার ব্যবসায়ীরা আশা করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে এই অঞ্চলের অর্থনীতিকে চাঙা করার সুনির্দিষ্ট কোনো রূপরেখা ঘোষণা করা হবে।

এ বিষয়ে লালমনিরহাট শহরের ব্যবসায়ী প্রবীর দাস বলেন, যদি আমাদের ব্রিটিশ আমলের বিমানবন্দর এবং বন্ধ মোগলহাট স্থলবন্দরটি পুরোপুরি চালু করা হয় এবং বুড়িমারী থেকে সরাসরি ট্রেন যোগাযোগ নিশ্চিত করা যায়, তবে লালমনিরহাট আর পিছিয়ে থাকবে না। এটি তখন উত্তরাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক হাবে পরিণত হবে। আমাদের তরুণেরা কাজের জন্য ঢাকা বা অন্য জেলায় চলে যেতে বাধ্য হবে না, এখানেই তাদের কর্মসংস্থান তৈরি হবে।

এর আগে ২০০২ সালে রাজনৈতিক ও সাংগঠনিক সফরে লালমনিরহাটে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় আড়াই দশক পর প্রধানমন্ত্রী হিসেবে তার এই আগমন ঘিরে পুরো জেলাজুড়ে এখন চলছে বাঁধভাঙা প্রস্তুতি। লালমনিরহাট জেলা শহর থেকে শুরু করে তিস্তাপাড়ের অজপাড়াগাঁ পর্যন্ত ছেয়ে গেছে বর্ণিল তোরণ, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায়। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে রাজকীয় ও ঐতিহাসিক সংবর্ধনা জানাতে মুখিয়ে আছেন। চায়ের দোকান থেকে শুরু করে বাজারের অলিগলি সবখানেই এখন একটাই আলোচনা, প্রধানমন্ত্রী আসছেন এবং তিনি উত্তরবঙ্গের মানুষের ভাগ্যোন্নয়নে কী বার্তা নিয়ে আসছেন।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরবঙ্গের এই সীমান্তবর্তী জনপদের মানুষ যুগ যুগ ধরে নানা বঞ্চনার শিকার হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ লালমনিরহাটের বিমানবন্দর ও স্থলবন্দর চালুর দাবি এই অঞ্চলের মানুষের বহুদিনের যৌক্তিক দাবি। আমরা সম্পূর্ণ আশাবাদী, প্রধানমন্ত্রী তার এই সফরে লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট ঘোষণা উপহার নিয়ে আসবেন।