বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, জোরদার নিরাপত্তা

দীর্ঘ দুই যুগ পর ১৯ নভেম্বর উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জেলাটিতে এটিই তার প্রথম সফর। তার এই আগমনকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পুরো জেলা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানী থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী তিনি লালমনিরহাটের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং স্থানীয় আলোকিত লালমনিরহাট আয়োজিত এক বিশাল সমাবেশে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এর অংশ হিসেবে সভাস্থল, মঞ্চ, হেলিপ্যাড ও আশপাশের এলাকায় র্যাব ও পুলিশের বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ব্যাপক তল্লাশি (সুইপিং) চালাচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
এদিকে দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে বরণ করে নিতে লালমনিরহাট শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও চার লেন সড়কসহ স্থানীয় বিভিন্ন উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলাবাসীর মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রাখা হয়েছে।





