গ্রামীণ ঐতিহ্যের আবহে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাট

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম লালমনিরহাট সফর। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে পুরো জেলাকে গ্রামীণ বাংলার চিরচেনা রূপ ও ঐতিহ্যের আবহে সাজানো হয়েছে।
দলীয় কর্মসূচিতে অংশ নিতে ইতিপূর্বে বেশ কয়েকবার লালমনিরহাটে এলেও প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম পদার্পণ। ফলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বইছে উৎসবের আমেজ। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন কোনো ঘোষণা আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
লালমনিরহাট-রংপুর মহাসড়কসহ শহরের প্রধান সড়কগুলো ধুয়েমুছে পরিষ্কার করার পাশাপাশি তুলির আঁচড়ে রঙিন করা হয়েছে সড়কের দুই ধারের গাছপালা ও সরকারি স্থাপনা। সড়কের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে গ্রামবাংলার দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ; যেমন কৃষকের হালচাষ, ঢেঁকিতে ধান ভানা এবং পালকির ভাস্কর্য (প্রতিকৃতি)। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাওয়াইয়া গান, নৃত্য ও ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। পুরো শহরজুড়ে আলোকসজ্জা, ব্যানার ও ফেস্টুনে তৈরি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।
সফরের দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আপ্যায়নে রাখা হয়েছে এই অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সব খাবার। মেন্যুতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তিস্তা নদীর সুস্বাদু বৈরালী মাছ ভাজা, স্থানীয় জাতের চালের ভাত এবং বাহারি রকমের ভর্তা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো জেলায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সমাবেশস্থল এবং যাতায়াতের পথগুলো তল্লাশি করা হয়েছে। সড়কজুড়ে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানান, প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার শহরের বেশ কিছু সড়কে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প সড়কের ব্যবস্থা রাখা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম সফর। আমরা সব সময়ই আমাদের লোকজ ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরি, এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি, প্রধানমন্ত্রীর জনসভা ও কর্মসূচিগুলো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হবে।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবেন। এরপর তিনি লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন এবং সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
পরে সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় জনসভায় ভাষণ দেবেন। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন তিনি।
বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন। সব কর্মসূচি শেষে বিকেল ৪টায় লালমনিরহাট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।





