logo

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে আইসিএও ও থাইল্যান্ডের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে আইসিএও ও থাইল্যান্ডের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী
আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারির সঙ্গে বিমানমন্ত্রী। ছবি: সৌজন্যে

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) এবং থাইল্যান্ডের কারিগরি ও দ্বিপাক্ষিক সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আইসিএও-র সপ্তম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে বুধবার (১৮ নভেম্বর ২০২৬) আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।

Advertisement

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন বিমানমন্ত্রী। বিশেষ করে আইসিএও-র আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা, জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশনবিষয়ক বিশেষায়িত শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জবাবে বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতির প্রশংসা করে বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা। পাশাপাশি বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে বিমানমন্ত্রী আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দুই দেশের কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় সরকারি পর্যায়ে (জিটুজি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) মাধ্যমে বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান মন্ত্রী।

সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিমান চলাচল নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও কারিগরি সক্ষমতা বাড়ার পাশাপাশি এভিয়েশন খাতের আধুনিকায়ন আরও ত্বরান্বিত হবে।