logo

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা
পর্যটকবাহী জাহাজ। ছবি: এশিয়া পোস্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না।

বুধবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক নয়ন শীল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথসহ সংশ্লিষ্ট সব নৌপথে পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।

এতে বলা হয়, এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ছাড়াও চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়া নৌপথ রয়েছে।

নয়ন শীল বলেন, আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন সমুদ্রপথে সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, শুক্রবার পর্যন্ত সাগরে বিরূপ আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকতে পারে। এ সময়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী হতে পারে। শুক্রবারের পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আব্দুল হান্নান বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পর্যটকবাহী জাহাজ চলাচল নিরাপদ কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী আপাতত এ নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। সতর্ক সংকেত প্রত্যাহারের পর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, এটি সম্পূর্ণ প্রকৃতি নির্ভর বিষয়। এখানে কারও কিছু করার নেই। তাই পর্যটকদের ধৈর্য ধরে পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত পর্যটকদের সেন্টমার্টিনে নেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, যেসব পর্যটক বৃহস্পতিবারের জাহাজের টিকিট বুকিং দিয়েছেন, তারা চাইলে পরশু ভ্রমণ করতে পারবেন। আর যারা নির্ধারিত দিনে ভ্রমণে যেতে পারবেন না, তারা টিকিট বাতিল করে নিজ নিজ এজেন্টের কাছ থেকে টাকা ফেরত নিতে পারবেন।