একমাত্র ছেলে জাপান, ভাড়া বাসা থেকে মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার একটি আবাসিক ভবন থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার একমাত্র ছেলে জাপান প্রবাসী বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে হাত ও গলা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লুৎফর নাহার চাঁদপুর সদরের ঢালিরঘাট এলাকার বাসিন্দা। মাত্র ১৮ দিন আগে তিনি ওই ভবনের একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। একমাত্র ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন।
পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। মায়ের রক্তাক্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়েরা।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় সদর থানা-পুলিশ ও পিবিআই তদন্ত করছে।






