পুকুরে ভাসছিল নিখোঁজ ৮ মাসের শিশুর মরদেহ, পুলিশ হেফাজতে মা

মাগুরার মহম্মদপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে আট মাস বয়সি শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুটির কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী ওরফে কুটে জানান, গত ১৬ নভেম্বর দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে তিনি স্ত্রী নন্দীতা ও আট মাসের মেয়ে রাশমিতাকে নিয়ে বাড়ি থেকে বের হন। মহম্মদপুর বাজার থেকে কয়েকটি কাপড় কেনার কথা ছিল তাদের। পরে ওই দিন সন্ধ্যার দিকে একটি ফোনকলের মাধ্যমে তিনি জানতে পারেন, তার স্ত্রী একা অন্য একটি স্থানে রয়েছেন, তার কোলে শিশু নেই।
খবর পেয়ে তিনি ভাই কৃষ্ণকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে স্ত্রীকে দেখতে পান। পরে শিশুটিকে খুঁজে পেতে পুলিশের সহযোগিতা চান। দুদিন পর বুধবার সকালে লক্ষ্মীপুর উত্তরপাড়ার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে রাস্তার পাশের ওই পুকুরে শিশুটির মরদেহ উপুড় হয়ে ভাসতে দেখেন এক যুবক। প্রথমে সেটিকে বড় পুতুল মনে করে তিনি লাঠি দিয়ে টেনে পুকুরের পাড়ে আনেন। পরে সেটি মৃত শিশু বুঝতে পেরে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ১৬ নভেম্বর সন্ধ্যার আগে মরদেহ উদ্ধারের স্থান থেকে কয়েক শ গজ দূরে শিশুটির মাকে একা ঘোরাফেরা করতে দেখা যায়। তখন তার কোলে কোনো শিশু ছিল না বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে সমীর ও নন্দীতা দম্পতির আগের দুই সন্তানের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। তাদের ১৩ বছর বয়সি প্রথম ছেলে সৌমিক চক্রবর্তী এবং পরে জন্ম নেওয়া চার মাস বয়সি দ্বিতীয় মেয়েরও মৃত্যু হয়েছিল বলে জানা গেছে। তবে ওই দুই শিশুর মৃত্যুর কারণ ও বর্তমান ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তান কীভাবে মারা গেল, পানিতে কীভাবে পড়ল—এর প্রকৃত রহস্য তদন্তের মাধ্যমে উদঘাটন করা হোক। বাবা হিসেবে আমি এ ঘটনার সঠিক বিচার চাই। যারাই এর সঙ্গে জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ আট মাস বয়সি রাশমিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






