logo

মাগুরায় ৩ অবৈধ ইটভাটা বন্ধ, ব্যবস্থাপকের কারাদণ্ড

মাগুরায় ৩ অবৈধ ইটভাটা বন্ধ, ব্যবস্থাপকের কারাদণ্ড
মাগুরায় অবৈধ ইটভাটার গুদাম থেকে বনের কাঠ জব্দ ও পানি দিয়ে তা নষ্ট করছে প্রশাসন। ছবি : এশিয়া পোস্ট

মাগুরার মহম্মদপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, ফসলিজমি ধ্বংস এবং কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে পরিচালিত যৌথ অভিযানে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা চালু রাখায় ‘সীমান্ত ব্রিকস’-এর ব্যবস্থাপককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ইটভাটাগুলোতে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম এবং মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া উপস্থিত ছিলেন।

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামের শাহিনুজ্জামান ও মাজহারুল ইসলামের মালিকানাধীন ‘মেসার্স নাবা ব্রিকস’ এবং মো. নুরুল ইসলামের মালিকানাধীন ‘মেসার্স নদী ব্রিকস’ দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়াই অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছিল। এ ছাড়া আবাদি জমির উপরিভাগের (টপসয়েল) মাটি কাটা এবং কয়লার বদলে অবাধে বনের কাঠ পুড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপরাধে ফায়ার সার্ভিসের সহায়তায় তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে ভাটা দুটির আগুন ও চুল্লি নিভিয়ে দেওয়া হয়। এর আগে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভাটা দুটির কার্যক্রম বন্ধের বিষয়ে দ্বিতীয় দফা নোটিশও জারি করা হয়েছিল।

এর আগে, গত ১০ নভেম্বর একই উপজেলার জাঙ্গালিয়ায় অবস্থিত ‘মেসার্স সীমান্ত ব্রিকস’-এ পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ঢেলে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রশাসনের সেই নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ভাটার কার্যক্রম চালিয়ে যাওয়ায় সোমবারের অভিযানে ভাটার ব্যবস্থাপককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার উপস্থিতিতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’-এর বিভিন্ন ধারায় এই দণ্ড দেওয়া হয়।

অভিযানকালে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে তিনটি ভাটারই জ্বলন্ত চুল্লি নিভিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন এবং পুনরায় চালু না করার জন্য মালিকপক্ষকে কঠোর নির্দেশ দেন। নির্দেশ অমান্য করলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯), বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং পরিবেশ আদালত আইন, ২০১০ অনুযায়ী আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।

মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব জানান, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।