মাগুরার দুই আসনে সড়ক উন্নয়নে ২০ কোটি টাকার প্রস্তাব

মাগুরার দুটি সংসদীয় আসনে গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ২০ কোটি টাকার উন্নয়ন স্কিম প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য পৃথকভাবে ১০ কোটি টাকা করে বরাদ্দের প্রস্তাব রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দুই আসনে মোট ১৪ দশমিক ৯৫ কিলোমিটার সড়কের উন্নয়ন হবে। পাশাপাশি সেতু-কালভার্ট ও হাটবাজার উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)-এর আওতায় এসব প্রস্তাব তৈরি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ছাড়া সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এসআইডিপি) আওতায় জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান ও ঈদগাহসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও পৃথক পরিকল্পনা নেওয়া হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খানের প্রস্তাবের ভিত্তিতে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য স্কিম চিহ্নিত করা হয়েছে। এসব সড়কের মধ্যে রয়েছে ঘোড়ানাস দক্ষিণপাড়া, শচানী-রাউতাড়া, বুজরুক শ্রীকুণ্ডি, রাজিবেরপাড়া, বিল আখসি, গাঙ্গুলিয়া, বরিশাট, জোকা, নবগ্রাম ও পঞ্চপল্লী এলাকার বিভিন্ন সড়ক।
গ্রামীণ সংযোগ সড়ক, বাজারে যাতায়াতের পথ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব সড়কের নির্দিষ্ট অংশ উন্নয়নে ১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে স্কিম প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রস্তাবের ভিত্তিতে মহম্মদপুর, শালিখা এবং মাগুরা সদর উপজেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ আসনের প্রস্তাবিত তালিকায় রয়েছে আমুড়িয়া বাজার-শ্যামপুর, বড়ইখালী-শত্রুজিৎপুর উত্তরপাড়া, গঙ্গারামপুর-দেলহাট, গঙ্গারামপুর গ্রামীণ সড়ক, শতখালী-সোশেনমালা সেতু থেকে বয়খালী হয়ে কাটলী, বড়রিয়া-গোপালপুর এবং নহাটা-মিঠাপুর সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ ছাড়া বিভিন্ন স্থানে বক্স কালভার্ট নির্মাণ এবং শত্রুজিৎপুর ও নাগরা বাজার উন্নয়নের প্রস্তাব রয়েছে। এসব কাজের জন্য এ আসনেও ১০ কোটি টাকার উন্নয়ন স্কিম প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রস্তাবিত সড়কগুলো উন্নত হলে প্রত্যন্ত গ্রামের সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ সহজ হবে। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে পরিবহন ব্যয় ও সময় কমার পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে অসম্পূর্ণ গ্রামীণ সড়ক সংযোগ সম্পন্ন করা এবং বিচ্ছিন্ন জনপদগুলোকে মূল সড়কের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।
সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি জেলার সামাজিক অবকাঠামো উন্নয়নেও পৃথক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এসআইডিপি) আওতায় মাগুরার বিভিন্ন ইউনিয়নে মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান ও ঈদগাহসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ৮ নভেম্বর এলজিইডির প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের কাছে পাঠানো নির্দেশনায় চলতি অর্থবছরে প্রতিটি ইউনিয়নে ১৫ লাখ টাকা করে স্কিম নির্বাচনের কথা জানিয়েছেন। সাধারণ স্কিমের ক্ষেত্রে প্রতিটির ব্যয় ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের আগে পাঠানো ডিও লেটারের তালিকা থেকে অগ্রাধিকার বিবেচনায় স্কিম নির্বাচন করতে বলা হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় পর্যায়ে এসব প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনাও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত উন্নয়নকাজের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এলজিইডি মাগুরা। সংসদ সদস্যদের ডিও লেটার এবং সংশ্লিষ্ট প্রকল্পের নির্দেশনা অনুসরণ করে জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সংসদীয় আসনভিত্তিক সড়ক ও অবকাঠামো উন্নয়ন স্কিমের তালিকা প্রস্তুত করে প্রকল্প পরিচালকের কাছে পাঠিয়েছে।
এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান বলেন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উন্নয়ন প্রস্তাবের ভিত্তিতে প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা সীমার মধ্যে স্কিম চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হয়েছে। দুই আসনে প্রস্তাবিত সড়ক উন্নয়নের মোট দৈর্ঘ্য ১৪ দশমিক ৯৫ কিলোমিটার। নির্ধারিত নীতিমালা ও কারিগরি নির্দেশনা মেনে প্রাক্কলন তৈরি এবং পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এলজিইডি মাগুরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও প্রতিটি উন্নয়নকাজ স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে নির্ধারিত বাজেট অনুযায়ী সম্পন্ন করা হবে।



