logo

হলুদে সিসার আশঙ্কা, যে পরামর্শ দিল কর্তৃপক্ষ

হলুদে সিসার আশঙ্কা, যে পরামর্শ দিল কর্তৃপক্ষ
চম্পকনগর বাজার থেকে সংগ্রহ করা আস্ত হলুদ। ছবি : এশিয়া পোস্ট

বাজারে বিক্রি হওয়া হলুদের নমুনায় ক্ষতিকর সিসাযুক্ত রাসায়নিক লেড সল্ট বা লেড ক্রোমেটের উপস্থিতির আশঙ্কা করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় এমন আশঙ্কা দেখা দেওয়ায় উজ্জ্বল সোনালি রঙের খোলা আস্ত হলুদ ও স্থানীয়ভাবে গুঁড়ো করা হলুদ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের মিনি ল্যাবে চম্পকনগর বাজার থেকে সংগ্রহ করা এক নমুনা হলুদের গুঁড়ো ও এক নমুনা আস্ত হলুদ পরীক্ষা করা হয়। এতে প্রাথমিকভাবে ক্ষতিকর লেড সল্ট বা লেড ক্রোমেটের উপস্থিতির আশঙ্কা দেখা দেয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত হতে শিগগিরই রেগুলেটরি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পাশাপাশি এসব হলুদের উৎস শনাক্তের কাজও চলছে। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, লেড সল্ট বা লেড ক্রোমেটযুক্ত হলুদ মানবদেহের কিডনির ক্ষতি করতে পারে। এতে থাকা সিসা স্নায়ুতন্ত্রের সমস্যা তৈরি করাসহ শরীরে নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

তিনি আরও জানান, প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাজারের খোলা উজ্জ্বল হলুদ রঙের আস্ত হলুদ এবং স্থানীয়ভাবে ভাঙিয়ে তৈরি হলুদের গুঁড়ো কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিকল্প হিসেবে প্রাকৃতিক আবরণযুক্ত ফ্যাকাশে রঙের আস্ত হলুদ কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, হলুদকে আকর্ষণীয় ও উজ্জ্বল সোনালি রং দিতে অনেক সময় লেড ক্রোমেট বা মেটানিল ইয়েলোর মতো ক্ষতিকর রঞ্জক ব্যবহার করা হয়। এসব রং আস্ত হলুদের গায়েও লাগানো থাকতে পারে। তাই জনস্বার্থে উজ্জ্বল সোনালি রঙের আস্ত হলুদ না কেনার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট