৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

ব্যবসায়িক লেনদেনে ৬৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় মো. সুজন আলী (৪৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর কাওয়াক গ্রামের আব্দুল করিম খানের ছেলে। তিনি শান্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। বর্তমানে সিরাজগঞ্জ শহরের থানাপাড়া মিলন মোড় এলাকায় বসবাস করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া শহরের ফতেহ আলী বাজারের মেসার্স রংপুর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান অপুর সঙ্গে বাকিতে মসলার ব্যবসা শুরু করেন সুজন আলী। ২০২৪ সালের ১৭ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বগুড়ার মালগুদাম লেন ও বাদুরতলা এলাকার নিউ বগুড়া ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসসহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে সুজন আলীকে ৪ কোটি ৫ লাখ ৩ হাজার ৫০০ টাকার মসলা পাঠানো হয়। এসব পণ্য ঢাকার ইমামগঞ্জ এলাকার পরিবহন শাখা থেকে গ্রহণ করেন সুজনের ভাই ও মামলার অপর আসামি মো. সুমন আলী।
এজাহারে আরও বলা হয়, ওই লেনদেনের বিপরীতে ফেরত দেওয়া মসলা ও নগদ টাকা মিলিয়ে ৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ১০০ টাকা পরিশোধ করা হয়। এরপরও ৬৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা বকেয়া থেকে যায়। পাওনা টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও আসামিরা নানা টালবাহানা করতে থাকেন।
একপর্যায়ে ২০২৪ সালের ২৯ আগস্ট বাদী সিরাজগঞ্জে যান। পরে ২ সেপ্টেম্বর ফতেহ আলী মার্কেটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে মোবাইল ফোনে পাওনা টাকা দিতে সরাসরি অস্বীকৃতি জানান আসামিরা। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান বগুড়া সদর থানায় মামলা করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, বগুড়া সদর থানায় দায়ের করা প্রতারণার মামলায় সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে সুজন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের দুটি মামলায় এক বছর করে কারাদণ্ড এবং আরও দুটি মামলায় ৮৬ লাখ টাকার অর্থদণ্ডের আদেশ রয়েছে। গ্রেপ্তার সুজন আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


