logo

ফ্রিজের আঁশটে গন্ধ থেকে জুতার দুর্গন্ধ দূর করা, জেনে নিন টি ব্যাগের ব্যবহার

ফ্রিজের আঁশটে গন্ধ থেকে জুতার দুর্গন্ধ দূর করা, জেনে নিন টি ব্যাগের ব্যবহার
ঘরোয়া সমস্যার সমাধান দিতে পারে টি ব্যাগ। ছবি: কুকিস্ট

চা বানানোর পর আমরা সাধারণত টি ব্যাগটি ময়লার ঝুড়িতে ফেলে দেই। ঘরোয়া দরকারি কাজে যে এটি ব্যবহার করা যেতে পারে তা নিয়ে হয়তো ভাবিই না। কিন্তু ঘরের অস্বস্তিকর কিছু সমস্যার সমাধান দিতে পারে এই টি ব্যাগ। ফ্রিজ ও জুতার দুর্গন্ধ কমানো, বাসন পরিষ্কার বা কম্পোস্ট সার তৈরিতে ব্যবহার করা যায় এগুলো।

জেনে নিন আপনার ব্যবহৃত টি ব্যাগের চমৎকার কিছু ব্যবহার।

Advertisement

কম্পোস্ট সার তৈরিতে

ব্যবহৃত টি ব্যাগের ভেতরের চা পাতা কম্পোস্টের সঙ্গে মেশানো যায়। চা পাতা জৈব উপাদান হিসেবে কম্পোস্টে যুক্ত হয়। এ ক্ষেত্রে টি-ব্যাগ কেটে পাতাগুলো আলাদা করে নিতে হবে। কারণ অনেক টি-ব্যাগে প্লাস্টিক বা কৃত্রিম তন্তু থাকে, যা সহজে পচে না।

ছবি: শাটারস্টক
ছবি: শাটারস্টক

ফ্রিজের দুর্গন্ধ কমাতে

ফ্রিজে মাছ, মাংস, সবজি ও অন্যান্য খাবার রাখার কারণে বিভিন্ন গন্ধ মিশে বাজে ধরনের পচা গন্ধ তৈরি হতে পারে। এই গন্ধ কিছুটা কমাতে টি-ব্যাগ সহায়ক হতে পারে। আপনার ব্যবহৃত টি ব্যাগ ভালোভাবে শুকিয়ে ছোট একটি বাটিতে করে ফ্রিজে রেখে দিন। শুকনো চা পাতা কিছুটা আর্দ্রতা ও দুর্গন্ধ শোষণ করতে পারে। তবে দুর্গন্ধ কমাতে ফ্রিজের নিয়মিত পরিষ্কারের কোনো বিকল্প হয় না।

ছবি: ইকো ফ্রিজ
ছবি: ইকো ফ্রিজ

জুতার দুর্গন্ধ দূর করতে

দীর্ঘ সময় জুতা পরে থাকলে পায়ের ঘাম থেকে ভেতরে স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধ তৈরি হয়। এ সমস্যা কমাতে রাতে প্রতিটি জুতার ভেতরে একটি করে শুকনো টি ব্যাগ রাখতে পারেন। এটি কিছুটা আর্দ্রতা শোষণ করে দুর্গন্ধ কমাতে সাহায্য করতে পারে। সকালে টি ব্যাগ সরিয়ে ফেলতে হবে। তবে ভেজা টি ব্যাগ ব্যবহার করা যাবে না। এতে উল্টো ছত্রাক জন্মানোর ঝুঁকি থাকে।

ছবি: নিউজ ১৮ বাংলা
ছবি: নিউজ ১৮ বাংলা

বাসনপত্র পরিষ্কারে

পাত্রে চা, দুধ বা খাবারের দাগ লেগে গেলে তা পরিষ্কার করতে ব্যবহৃত টি ব্যাগ কাজে লাগতে পারে। এ জন্য পাত্রটি গরম পানিতে একটি ব্যবহৃত টি ব্যাগসহ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে হালকা ময়লা ও দাগ আলগা হতে পারে। এরপর ডিশওয়াশিং লিকুইড দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

ছবি: ডেইলি এক্সপ্রেস
ছবি: ডেইলি এক্সপ্রেস

কাচ পরিষ্কার করতে

জানালা, আয়না বা অন্যান্য কাচের জিনিস পরিষ্কারে ব্যবহৃত টি ব্যাগ দিয়ে হালকা চায়ের দ্রবণ তৈরি করতে পারেন। একটি টি ব্যাগ পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নিন। এরপর নরম কাপড়ে দ্রবণটি নিয়ে কাচ মুছুন। সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে দাগ থেকে যাওয়ার আশঙ্কা কমবে। ব্যবহারের আগে কাচের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।

ছবি: নিউজ ১৮ বাংলা
ছবি: নিউজ ১৮ বাংলা

চোখের ক্লান্তি কমাতে

দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের চারপাশে ক্লান্তির ছাপ পড়ে। এ সমস্যা দূর করতে পরিষ্কার ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে বন্ধ চোখের উপর কয়েক মিনিট রেখে দিন। এর ঠান্ডাভাব চোখে সাময়িক আরাম দিতে পারে।

ছবি: হেলথলাইন
ছবি: হেলথলাইন

তবে টি ব্যাগ পরিষ্কার হতে হবে এবং চায়ের পানি যেন চোখে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চোখে ব্যথা, লালচে ভাব বা ফোলাভাব থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হাতের দুর্গন্ধ কমাতে

ছবি: নিউজ ১৮ বাংলা
ছবি: নিউজ ১৮ বাংলা

পেঁয়াজ বা রসুন কাটার পর হাতে গন্ধ লেগে থাকতে পারে। এই গন্ধ কমাতে ঠান্ডা ব্যবহৃত টি ব্যাগ হাতের তালু ও আঙুলে আলতোভাবে ঘষুন। এরপর সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। তবে সব ধরনের দুর্গন্ধ দূর করতে এটি সমানভাবে কার্যকর নাও হতে পারে।