উৎপাদন ভালো, হাটেও ক্রেতার ভিড়–তবুও লাভের মুখ দেখছেন না পানচাষিরা

ধান, কলা আর পান এই তিন ফসলের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ঝিনাইদহের কৃষি ও অর্থনীতি। জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে পানের চাষ হয়ে আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার মিষ্টি পানের আলাদা চাহিদা ও সুনাম রয়েছে। তবে পানের উৎপাদন ও বেচাকেনার জমজমাট চিত্রের আড়ালে রয়েছে চাষিদের হতাশা। ভালো ফলন হলেও উৎপাদন খরচের তুলনায় দাম কম থাকায় লাভের মুখ দেখছেন না অনেক পানচাষি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর বাজারে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার বসে বড় পাইকারি পানের হাট। স্থানীয়ভাবে এ হাট ‘পেনো হাটা’ নামে পরিচিত। হাটের দিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পান নিয়ে আসেন চাষিরা। পাইকার ও ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো বাজার। সারি সারি ঝুড়িতে সাজানো পান আর ক্রেতা-বিক্রেতার ব্যস্ততায় হাটজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বেচাকেনা শেষে এখানকার পান চলে যায় দেশের বিভিন্ন জেলার বাজারে।
কিন্তু হাটের এই জমজমাট দৃশ্যের বিপরীতে চাষিদের মুখে নেই স্বস্তির হাসি। তাদের অভিযোগ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি, বরজ নির্মাণ ও পরিচর্যার খরচ দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ব্যয়। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে গেলেও সে অনুযায়ী পান বিক্রি করতে পারছেন না তারা।
বাজারে পান বিক্রি করতে আসা চাষি আকবর সাধু বলেন, এবার বরজে পান ভালো হয়েছে। কিন্তু বাজারে সেই অনুযায়ী দাম পাচ্ছি না। বরজ করতে বাঁশ, খুঁটি, জাল, সার, ওষুধ ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়। পান তুলে হাটে আনার পর পরিবহন খরচও দিতে হয়। সব খরচ বাদ দিয়ে হাতে তেমন কিছুই থাকে না। ফলন ভালো হলেও দাম না থাকায় আমাদের কষ্ট থেকেই যাচ্ছে।
আরেক পানচাষি আনছার মন্ডল বলেন, পান চাষে সারা বছরই পরিশ্রম করতে হয়। প্রতিদিন বরজের পরিচর্যা করতে হয়, রোগবালাই হলে ওষুধ দিতে হয়। শ্রমিকের মজুরি ও সার-কীটনাশকের দাম অনেক বেড়েছে। কিন্তু পান বিক্রি করে আগের মতো লাভ হচ্ছে না। বাজারদর যদি একটু ভালো থাকত, তাহলে পান চাষ করে পরিবার নিয়ে স্বস্তিতে থাকা সম্ভব হতো।
চাষি ইসরাইল হোসেন বলেন, হাটে পান নিয়ে আসার পর অনেক সময় পাইকাররা যে দাম বলেন, সেই দামেই বিক্রি করতে হয়। পান বেশি দিন রেখে দেওয়া যায় না। তাই দর কম হলেও বিক্রি করে দিতে হয়। এতে চাষিরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার যদি পানচাষিদের জন্য সহজ শর্তে ঋণ, সার-কীটনাশকে সহায়তা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার ব্যবস্থা করে, তাহলে আমরা আরও ভালোভাবে পান চাষ করতে পারব।
চাষিদের ভাষ্যমতে, বর্তমানে ছোট, মাঝারি ও বড় আকারের পানের বাজারদর তুলনামূলকভাবে কম। স্থানীয় হিসাব অনুযায়ী, ৮০ পাতায় এক পোন বা বিড়া ধরা হয়। ছোট পান প্রতি পোন বিক্রি হচ্ছে প্রায় ৫০ থেকে ৫৭ টাকায় (প্রতি ১০০ পোনের দাম ৫ হাজার থেকে ৫ হাজার ৭০০ টাকা)। মাঝারি পান প্রতি পোন ৬৩ থেকে ৭৫ টাকা (প্রতি ১০০ পোন ৬ হাজার ৩০০ থেকে ৭ হাজার ৫০০ টাকা) এবং বড় পান প্রতি পোন ১১০ থেকে ১৩৫ টাকায় (প্রতি ১০০ পোন ১১ হাজার থেকে ১৩ হাজার ৫০০ টাকা) বিক্রি হচ্ছে।
চাষিদের দাবি, এসব দামে উৎপাদন ও বাজারজাতকরণের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। পান চাষে বরজ তৈরি ও রক্ষণাট্যক্ষণে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। বরজ তৈরির পর নিয়মিত শ্রমিক দিয়ে পরিচর্যা, সেচ, সার ও বালাই দমনসহ বিভিন্ন কাজে ব্যয় করতে হয়। ফলে উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় অনেক চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
শুধু বাজারদর নয়, পানবরজে অগ্নিকাণ্ডও চাষিদের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বলরামপুর পানের হাটের ইজারাদার বাবুল বিশ্বাস বলেন, সপ্তাহে দুই দিন হাট বসে এবং দূরদূরান্ত থেকে মানুষ আসে। হাটে কোনো ঝামেলা বা অসুবিধা নেই। প্রতি হাটে প্রায় অর্ধকোটি টাকার পান বিক্রি হয়। কোনো কোনো হাটে পানের পরিমাণ বেশি উঠলে প্রায় কোটি টাকার বেচাকেনাও হয়ে থাকে। তবে মাঝেমধ্যে বিভিন্ন কারণে পানের বরজে আগুন লাগে। গত কয়েক বছরে বেশ কয়েকটি বরজে অগ্নিকাণ্ডে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়েও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
কালীগঞ্জ উপজেলায় বলরামপুর ছাড়াও কালীগঞ্জ শহরের যশোর-ঝিনাইদহ মহাসড়কের সেতুসংলগ্ন এলাকা, গাজীর বাজার ও কোলা বাজারে বড় পাইকারি পানের হাট বসে। উপজেলার শিংগী, রায়গ্রাম, ভাটাডাঙ্গা, গোমরাইল, চাপরাইল, বলরামপুর, বারোপাখিয়া, তৈলকূপী, কামারাইল, দুধরাজপুর, গোপালপুর, বাসুদেবপুর ও হরদেবপুরসহ বিভিন্ন গ্রামে পান চাষ হয়।
পানচাষিদের দাবি, উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় পান চাষে আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সহজ শর্তে কৃষিঋণ প্রদান, উৎপাদন উপকরণে সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ানো এবং সরাসরি বাজারজাতকরণের সুযোগ বাড়ানো গেলে ঐতিহ্যবাহী এই অর্থকরী ফসল আরও সম্ভাবনাময় হয়ে উঠতে পারে।
কালীগঞ্জ উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কালীগঞ্জের মাটি অত্যন্ত উর্বর। এ কারণে উপজেলাকে শস্যভাণ্ডার বলা হয়। অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষের জন্যও এ এলাকার মাটি ও পরিবেশ উপযোগী। উপজেলায় মোট ২১৬ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এর মধ্যে রায়গ্রাম ইউনিয়নে ১২০ হেক্টর, নিয়ামতপুর ইউনিয়নে ৭৭ হেক্টর এবং অন্যান্য এলাকায় ১৯ হেক্টর জমিতে পান চাষ হয়।
তিনি আরও জানান, কালীগঞ্জে ভাবনা, এলসি ও সাচিসহ বিভিন্ন জাতের মিষ্টি পান উৎপাদিত হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে রোগবালাই দমন, রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়া এবং বালাইনাশকের সঠিক ব্যবহারের বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

