
মাগুরার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার ৫০২টির মধ্যে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে বছরের পর বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে এসব বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম।
এতে একদিকে যেমন বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে, অন্যদিকে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা পরিবেশ ও শিক্ষার মান নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার চারটি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ৮৯টি শূন্য পদ রয়েছে। এছাড়া শ্রীপুর উপজেলার ৮৪টি বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে, মহম্মদপুর উপজেলার ১৩৮টির মধ্যে ৭৯টিতে এবং শালিখা উপজেলার ১০২টি বিদ্যালয়ের মধ্যে ৫৩টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কোনোমতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষকদের মধ্যে সমন্বয়, শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু বিপুলসংখ্যক বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় এসব দায়িত্ব অনেক সময় অতিরিক্ত চাপের মধ্যে সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষকদের। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কতটা সুচারুভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অভিভাবকদের মনে।
অভিভাবকদের অভিযোগ, সন্তানদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে তারা বিদ্যালয়ে পাঠান। কিন্তু দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অনেক বিদ্যালয়ে যথাযথ তদারকি ও ব্যবস্থাপনার ঘাটতি তৈরি হচ্ছে।
মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান এশিয়া পোস্টকে জানান, প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজের চাপ অনেক বেশি। এসব কাজ সামলাতে গিয়ে অনেক সময় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।
মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলফাজ উদ্দীনের মতে, একটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান বজায় রাখতে দক্ষ ও নিয়মিত প্রধান শিক্ষক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে এ পদ শূন্য থাকলে বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো দুর্বল হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
এ বিষয়ে মাগুরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) আমিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, চলতি দায়িত্বে থাকা শিক্ষকরা মূলত পদোন্নতির প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান শিক্ষক সংকট অনেকটাই কেটে যাবে। হাইকোর্টে মামলা চলমান থাকার কারণে পদোন্নতি প্রক্রিয়া কিছুকাল বন্ধ ছিল। তবে আশা করা যাচ্ছে, আগামী দুই মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

