‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে, আর নয়’: লালমনিরহাটে প্রধানমন্ত্রী

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের চলমান পরিস্থিতি ও অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সন্ত্রাসীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ‘এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে; এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত, সঠিক ও শক্তভাবে জবাব দিই; যাতে ভবিষ্যতে তারা আর বাংলাদেশের ও এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, চব্বিশে যেভাবে দেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, আজ আবার সেইভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
চব্বিশের গণআন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের ১৬ বছরের শাসনামলের কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর জোর করে দেশ শাসন করা হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার ও ভোটের অধিকার। ২০১৪ ও ২০১৮ সালের মতো নিশিরাতের কিংবা আমি-ডামির নির্বাচনে এ দেশের মানুষ আর ফিরে যেতে চায় না।’
তিনি অভিযোগ করেন, নির্বাচিত বিএনপি সরকার যখন নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের কল্যাণে কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া শক্তি তাদের ‘প্রভুদের’ খুশি করতে আবারও অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।
ক্ষমতা ধরে রাখতে তারা ১ হাজার ৪০০ মানুষ এবং ৬০ জন শিশুকে হত্যা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।’
উত্তরাঞ্চলের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন এই এলাকায় গ্যাসলাইন আনেনি বা ইপিজেড স্থাপন করেনি?’
এর উত্তর দিতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না; বরং প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে।
উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী লালমনিরহাটবাসীর গণতান্ত্রিক চেতনার প্রশংসা করে বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল এবং আগামীতেও থাকবে।
বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি জানান, দেশে শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বৃদ্ধি, ফসলের উৎপাদন বাড়ানো, সঠিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতেই সরকার কাজ করে যাচ্ছে।








