logo

‎গাইবান্ধায় পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার

‎গাইবান্ধায় পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ থানা। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে হাসপাতাল থেকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মধ্য মাস্তা দক্ষিণপাড়া গ্রামের একটি পুকুর থেকে আব্দুল মমিন মিয়া (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর মান্নানের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুই দিন আগে নিখোঁজ হন মমিন।

Advertisement

অন্যদিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রাম থেকে জহুরুল ইসলাম (৪৫) ও শ্রীমল হাসদা (২২) নামের আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জহুরুল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং শ্রীমল রহর হাসদার ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পর্শে তাদের মৃত্যু হয়েছে।

এ ছাড়া উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে মোতাহার হোসেন প্রধান (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। তিনি অচেতন অবস্থায় হাসপাতালে ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদার মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পর্শে। চারজনের মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।

মমিনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।