জমি নিয়ে বিরোধ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ

জমিজমা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বাবার সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগ তুলে এক ছেলে ও তিন মেয়ে দাফনে বাধা দিয়েছেন। ফলে মৃত্যুর প্রায় ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া ব্যক্তির নাম মাহাবুর তরফদার। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে। পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, তার বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার জোরপূর্বক বাবার কাছ থেকে জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মেজ ছেলে বাক্প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এ সময় তারা বাবার মরদেহ দাফনে আপত্তি জানান। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।
তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, কোনো জোরজবরদস্তি করা হয়নি। বাবা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় তাদের দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ দাফন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




