সন্তানের ভরণ-পোষণ নিয়ে বিরোধ, সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহে সন্তানের ভরণ-পোষণ নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন তার সাবেক স্বামী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।
নিহত সুমাইয়া আক্তার সোমা পার্শ্ববর্তী কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।
নিহতের ভাই রাতুল হোসেন জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে এনামুল হক মেরাজের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তাদের সংসারে ফারহান নামে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের চার বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পরও মেরাজ তাদের এলাকায় প্রায়ই যাতায়াত করতেন। বুধবার সকালে সুমাইয়া তার সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে মেরাজ তার বোনের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পাশ থেকেই অভিযুক্ত এনামুল হক মেরাজকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





