logo

৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের আকর্ষণ

৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের আকর্ষণ
৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের আকর্ষণ। ছবি: এশিয়া পোস্ট

সবুজ ফসলের বিস্তীর্ণ মাঠের বুক চিরে চলে যাওয়া আঁকাবাঁকা পিচঢালা সড়ক, আর তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি শতাধিক খেজুরগাছ। ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা ও আনন্দবাগ গ্রামের মধ্যবর্তী এই সড়কটি এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এক অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

প্রায় চার দশক আগে ১৯৮৬ সালে শখ করে এবং ক্লান্ত কৃষকদের ছায়া দেওয়ার উদ্দেশ্যে সড়কটির দুই পাশে এসব খেজুরগাছ রোপণ করেছিলেন স্থানীয় কৃষক হারুন অর রশিদ। সময়ের পরিক্রমায় সেই চারাগাছগুলো আজ বিশাল মহীরুহে রূপ নিয়ে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যা উপভোগ করতে প্রতিদিন বিকেলে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত দর্শনার্থী।

Advertisement

সরেজমিনে গিয়ে দেখা যায়, পড়ন্ত বিকেলে মোটরসাইকেল ও বিভিন্ন বাহনে চড়ে সব বয়সী দর্শনার্থীরা এখানে ভিড় করছেন। কেউ সারি সারি খেজুরগাছের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন, কেউ মুঠোফোনে ছবি তুলছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠছেন।

ঝিনাইদহ শহর থেকে আসা দর্শনার্থী মুকুল হোসেন বলেন, এর আগে তেঁতুলতলার পাশে সারি সারি নারকেলগাছ লাগানো প্যারিস রোডের সৌন্দর্য উপভোগ করেছেন। কিন্তু খয়েরতলায় রাস্তার দুই পাশে এত সুন্দর সারি সারি খেজুরগাছ আগে দেখেননি। লোকমুখে শুনে বন্ধুদের নিয়ে দেখতে এসেছেন। দেখে খুব ভালো লাগছে। কালীগঞ্জ শহরের পাশে এত সুন্দর একটি জায়গা আছে, তা আগে জানতেন না। অবসর পেলেই আবার এখানে আসবেন।

নলডাঙ্গা থেকে তিন বন্ধুকে নিয়ে এসেছেন শাওন। তিনি বলেন, তাদের বাড়ির কাছেই এত সুন্দর একটি জায়গা রয়েছে, তা আগে জানতেন না। এক বন্ধুর কাছে শুনে দেখতে এসেছেন। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে এক ফালি রাস্তা, দুই পাশে সারি সারি খেজুরগাছ ও অন্যান্য গাছ। মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। এর মধ্যে বয়ে যাওয়া মৃদু বাতাস আর চারপাশের সবুজ পরিবেশ মনকে প্রশান্তি দেয়। এক কথায়, সময় কাটানোর মতো অসাধারণ একটি জায়গা।

সড়কের দুই পাশের খেজুরগাছগুলোর মালিক হারুন অর রশিদ বলেন, ১৯৮৬ সালে তিনি গাছগুলো রোপণ করেছিলেন। মূলত খেজুরের রস সংগ্রহ করাই ছিল উদ্দেশ্য। পাশাপাশি মাঠে কাজ করতে করতে রোদে ক্লান্ত কৃষকেরা যেন গাছের ছায়ায় এসে একটু বিশ্রাম নিতে পারেন, সেই চিন্তাও ছিল। এখন দেখছেন, বিভিন্ন এলাকা থেকে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে ও সময় কাটায়। গাছগুলো অনেক বড় হয়েছে। এটা দেখে তার খুব ভালো লাগে।

তিনি আরও বলেন, প্রতি বছর এসব গাছ থেকে প্রচুর রস সংগ্রহ হয় এবং তা দিয়ে গুড় তৈরি করা হয়। নিজের জন্য যতটুকু রস ও গুড় রাখেন, তার চেয়ে বেশি মানুষকে দেন। এতে তিনি আনন্দ পান। বর্তমানে গাছগুলোতে হাঁড়ি বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিন পর রস সংগ্রহ শুরু হবে। সন্ধ্যার দিকে শহরসহ আশপাশের এলাকার ছেলেরা রস খেতে আসে। তিনি নিজের হাতে গাছ কেটে রস সংগ্রহ করেন এবং নির্ভেজাল গুড় তৈরি করেন। অনেকেই তার কাছ থেকে গুড় কিনতে আসেন।