ব্যাংকের চাকরি ছেড়ে আনারকলি চাষে ভাগ্যবদল মিজানুরের, ফল যাচ্ছে চীনেও

ব্যাংকের চাকরি ছেড়ে কৃষিতে নতুন সম্ভাবনার স্বপ্ন বুনেছেন খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান। প্রচলিত ফসলের বাইরে নতুন নতুন ফল ও ফুলের চাষ করে ঝিনাইদহের কালীগঞ্জে গড়ে তুলেছেন বহুমুখী কৃষি খামার। প্রায় ২৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ফল ও ফুলের চাষ করছেন তিনি। এবার বিদেশি ফল আনারকলি বা প্যাশন ফ্রুটের বাণিজ্যিক চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন এই কৃষি উদ্যোক্তা। তার বাগানে উৎপাদিত ফল বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এমনকি রপ্তানি হয়েছে চীনেও।
মিজানুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদবা গ্রামের মৃত খন্দকার তবিবুর রহমানের ছেলে। নতুন কিছু করার আগ্রহ থেকে ২০২৩ সালের দিকে মাত্র চারটি আনারকলির চারা দিয়ে পরীক্ষামূলক চাষ শুরু করেন তিনি। প্রথম দিকে ফলটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তী সময়ে ফলন ও বাজারের চাহিদা দেখে এ চাষে আগ্রহী হয়ে ওঠেন। ২০২৫ সালে বাণিজ্যিকভাবে চাষের সিদ্ধান্ত নিয়ে ১৩০টি চারা রোপণ করেন। বর্তমানে এক বিঘা জমিতে গড়ে তুলেছেন আনারকলির বাগান।
সরেজমিনে দেখা যায়, এক বিঘা জমিতে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে মাচা। লতানো গাছের মাচাজুড়ে ঝুলছে অসংখ্য কাঁচা ও পাকা আনারকলি ফল। গাছের ডালে ডালে থোকায় থোকায় ফলের সমারোহ। বাগানটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন কৃষক, ফলপ্রেমী ও নতুন উদ্যোক্তারা। তাদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে ফলের স্বাদও গ্রহণ করাচ্ছেন মিজানুর। পাশাপাশি চাষপদ্ধতি, পরিচর্যা ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। আগ্রহীদের জন্য নিজেই উৎপাদন করছেন চারা। ইতিমধ্যে অনেকেই তার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন।
মিজানুর রহমানের দেওয়া তথ্যমতে, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাস ছাড়া বছরের বাকি নয় মাসই তার বাগানে আনারকলি ফল পাওয়া যায়। চলতি মৌসুমে ফল বিক্রি করে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। ফলের আকারভেদে প্রতিটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করছেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তার বাগানের ফল। পাশাপাশি চীনেও রপ্তানি করেছেন উৎপাদিত আনারকলি। ভবিষ্যতে এ ফলের চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার।
শুধু আনারকলি নয়, বিভিন্ন জাতের ফল ও ফুলের চাষেও যুক্ত রয়েছেন মিজানুর। বর্তমানে প্রায় ২৭ বিঘা জমিতে বিস্তৃত তার কৃষি খামার। নতুন জাতের ফলের চাষ, উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে বৈচিত্র্য আনার মাধ্যমে স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে চান তিনি।
মিজানুর রহমান বলেন, আনারকলি ফলটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের এলাকার উর্বর মাটিতে এ ফলের চাষ করে কৃষকেরা সহজেই লাভবান হতে পারেন। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে চাহিদাও ভালো। আমার বিশ্বাস, ভবিষ্যতে এ ফল চাষে আরও অনেক কৃষক আগ্রহী হবেন।
কালীগঞ্জ উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, আনারকলি ফলের চাষ বেশ লাভজনক। বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে এ ফলের চাহিদা রয়েছে। মিজানুর রহমানের মতো অন্য উদ্যোক্তারাও যদি এ ফল চাষে আগ্রহী হন, তাহলে কৃষি অফিসের পক্ষ থেকে তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।






