logo

সাবেক শিক্ষকের কৃষিবিপ্লব, বছরে আয় করেন ৫ লাখ টাকা

সাবেক শিক্ষকের কৃষিবিপ্লব, বছরে আয় করেন ৫ লাখ টাকা
সাবেক প্রধান শিক্ষক সোলায়মান হোসেনের পুকুর ও সমন্বিত ফল ও সবজির বাগান। ছবি: এশিয়া পোস্ট

অবসর মানেই কর্মহীন অলস সময় কাটানো নয়, এ ধারণাকে বাস্তবে ভুল প্রমাণ করে উদাহরণ সৃষ্টি করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলায়মান হোসেন। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গিয়ে বসে না থেকে তিনি ঝুঁকেছেন কৃষির দিকে। তিন বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষের পাশাপাশি পুকুরপাড়ের অব্যবহৃত জায়গায় গড়ে তুলেছেন সমন্বিত ফল ও সবজির বাগান। সঙ্গে যোগ করেছেন দুই বিঘার ড্রাগন খেত।

বহুমুখী এই কৃষি উদ্যোগের সফলতায় এখন তার বার্ষিক আয় ছাড়িয়ে গেছে পাঁচ লাখ টাকা। শিক্ষকতার দীর্ঘ পথচলার পর তার এই কৃষি বিপ্লব শুধু নিজের অবসর জীবনকেই কর্মমুখর করেনি, বরং স্থানীয় যুবসমাজ ও অন্য অবসরে যাওয়া মানুষদের জন্য তৈরি করেছে এক অনুপ্রেরণাদায়ক পথ।

সম্প্রতি কালীগঞ্জ পৌর এলাকার চাচড়া গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, সবুজে ঘেরা এক ব্যতিক্রমী কৃষি খামার। মাঝখানে বিশাল পুকুর, চারপাশের পাড়জুড়ে নানা জাতের ফলদ ও সবজি গাছ। কোথাও থোকায় থোকায় ঝুলছে পেঁপে, কোথাও কলাগাছের কাঁদি, আবার কোথাও শোভা পাচ্ছে কুল-বরই ও খেজুরগাছ। পুকুরের চারপাশজুড়ে সারি সারি পেঁপে গাছে ধরেছে প্রচুর ফল। গাছের ডালপালা ভারী হয়ে আছে কাঁচা ও পাকা পেঁপেতে। পুকুরপাড়ের এই বাগানে রয়েছে টপ লেডি, বারি পেঁপে-১, রেড লেডি-৭৮৬, তাইওয়ান-৭৮৬, সোলো, কাপোহো ও মারাডলসহ বিভিন্ন জাতের পেঁপে। জাত ভেদে ফলের আকার, রং ও বৈশিষ্ট্যেও রয়েছে ভিন্নতা।

প্রায় তিন বছর আগে নিজের জমিতে পুকুর খননের মাধ্যমে এই কৃষি উদ্যোগের সূচনা করেন সোলায়মান হোসেন। প্রথমে পুকুরে মাছ চাষ শুরু করেন। পরে পুকুরের চারপাশের জমি অব্যবহৃত না রেখে সেখানে পরিকল্পিতভাবে ফল ও সবজির চাষ শুরু করেন। একে একে যুক্ত করেন বিভিন্ন জাতের পেঁপে, কলা, কুল-বরই ও খেজুরগাছ। একই সঙ্গে প্রায় দুই বিঘা জমিতে শুরু করেন ড্রাগন ফলের আবাদ। ধীরে ধীরে তাঁর এই উদ্যোগ রূপ নেয় সমন্বিত কৃষি খামারে।

পেঁপে চাষে এবার বিশেষ সফলতা পেয়েছেন তিনি। বিভিন্ন জাতের পেঁপেগাছে আশানুরূপ ফলন হওয়ায় খুশি এই কৃষি উদ্যোক্তা। পুকুরপাড়ের তুলনামূলক কম ব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করছেন। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি একাধিক উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হয়েছে। পুকুরে মাছ, পাড়ে ফল ও সবজি-সব মিলিয়ে তাঁর খামার এখন বহুমুখী কৃষি উৎপাদনের একটি উদাহরণ।

মাছ চাষেও সফলতা পেয়েছেন সোলায়মান হোসেন। পুকুরে রুই, কাতলা, চিতল, পাঙাশ, মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তিনি। ফলে একই খামার থেকে মাছ ও ফলমূল উৎপাদন করে আয় করছেন। কৃষিকাজের পাশাপাশি খামারের পরিচর্যা, গাছের যত্ন, মাছের খাবার দেওয়া এবং উৎপাদিত ফসলের বাজারজাতকরণেও সময় ব্যয় করেন তিনি।

সোলায়মান হোসেন বলেন, প্রায় পাঁচ বছর আগে শিক্ষকতা থেকে অবসরে যাই। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলাম। অবসরে যাওয়ার পর মনে হলো, বসে না থেকে কিছু একটা করা প্রয়োজন। কারণ অলসভাবে বসে থাকলে শরীরে নানা ধরনের রোগব্যাধি বাসা বাঁধতে পারে। নিজের জন্য এবং দেশের জন্য কিছু করার চিন্তা থেকেই কৃষিকাজে মনোনিবেশ করি।

তিনি আরও বলেন, নিজের প্রায় তিন বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করি। পাশাপাশি পুকুরপাড়ে সমন্বিতভাবে বিভিন্ন ফল ও সবজির আবাদ করি। মাঠে প্রায় দুই বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করেছি। এখন মাছ, পেঁপে, ড্রাগন, কলা, বরইসহ বিভিন্ন ফসল উৎপাদন করছি। সব খরচ বাদ দিয়ে বছরে পাঁচ লাখ টাকার বেশি আয় করতে পারছি। এতে আমি খুবই আনন্দিত। আমার মনে হয়, চাকরির আশায় বসে না থেকে কিংবা চাকরি থেকে অবসরের পর অলস সময় না কাটিয়ে কৃষিকাজে যুক্ত হওয়া অনেক সম্মানের ও স্বাধীন পেশা। এতে নিজের যেমন উপকার হয়, তেমনি দেশের কৃষি উৎপাদনেও অবদান রাখা যায়। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে ভালো আছি।

শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে সোলায়মান হোসেনের। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। বর্তমানে চিত্রা নিউজ টোয়েন্টিফোর ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদনার দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা, সাংবাদিকতা ও কৃষি, এই তিন ক্ষেত্রেই নিজের সম্পৃক্ততা ধরে রেখেছেন তিনি।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি এশিয়া পোস্টকে বলেন, সোলায়মান ভাই অত্যন্ত ভালো একজন মানুষ। অবসরে যাওয়ার পর কৃষিকাজে মনোনিবেশ করে তিনি সফলতা পেয়েছেন। তার এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি চাইলে উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হবে। সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ এবং আধুনিক চাষাবাদ বিষয়ে পরামর্শ দিয়ে আমরা তার পাশে থাকব।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ এশিয়া পোস্টকে বলেন, সোলায়মান ভাই মাছ চাষের সঙ্গে যুক্ত হয়েছেন, এটি ভালো উদ্যোগ। মাছ চাষের বিষয়ে তার প্রশিক্ষণ, পরামর্শ কিংবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাধ্যমতো সহযোগিতা করা হবে।

সোলায়মান হোসেনের এ উদ্যোগ শুধু তার নিজের অবসর জীবনকেই কর্মমুখর করেনি, বরং স্থানীয়ভাবে কৃষির নতুন সম্ভাবনাও তৈরি করেছে। তার খামার দেখতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। অবসর মানেই কর্মহীনতা নয়, ইচ্ছা ও পরিকল্পনা থাকলে জীবনের যে কোনো পর্যায়েই নতুন করে শুরু করা যায়, সোলায়মান হোসেনের কৃষি উদ্যোগ যেন সেই বার্তাই দিচ্ছে।

জাকারিয়া নূরী

সম্পাদনা

জাকারিয়া নূরী

জ্যেষ্ঠ প্রতিবেদক | এশিয়া পোস্ট