এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর রাজ ও রায়হানের পাশে ইউএনও

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামের চার প্রতিবন্ধী মানুষের জীবনসংগ্রাম নিয়ে এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। প্রাথমিকভাবে দুই প্রতিবন্ধীর জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
২১ বছর বয়সি আলী রাজকে দিয়েছেন একটি হুইলচেয়ার। আর আট বছর বয়সি শ্রবণ ও বাক্প্রতিবন্ধী শিশু আবু রায়হানের কানে শোনার যন্ত্র (হিয়ারিং মেশিন) কেনার জন্য দিয়েছেন ১৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউএনও রেজওয়ানা নাহিদ এশিয়া পোস্টের জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের এ সহায়তা তুলে দেন। পরে সহায়তা প্রদানের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।
এর আগে গত ৩১ অক্টোবর ‘দারিদ্র্যের সঙ্গে লড়ছেন চার প্রতিবন্ধী, পাশে দাঁড়ানোর আকুতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এশিয়া পোস্ট। প্রতিবেদনে উল্লা গ্রামের আবু রায়হান, সাথী খাতুন, আলী রাজ ও সাক্ষী খাতুনের শারীরিক প্রতিবন্ধকতা, আর্থিক সংকট, চিকিৎসার অভাব এবং তাদের পরিবারের অসহায়ত্বের চিত্র তুলে ধরা হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের নজরে এলে তিনি তাদের মধ্যে দুজনের জন্য তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন।
আবু রায়হান উল্লা গ্রামের আসাদুল ইসলাম ও সিমা খাতুন দম্পতির সন্তান। আট বছর বয়সি শিশুটি স্বাভাবিকভাবে শুনতে ও কথা বলতে পারে না। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা এবং উন্নতমানের হিয়ারিং মেশিন কেনা সম্ভব হচ্ছিল না। প্রতিবেদনে জানানো হয়, তুলনামূলক কম দামের একটি হিয়ারিং মেশিন কিনতেও প্রায় ৩০ হাজার টাকা প্রয়োজন। এ অবস্থায় ইউএনও রেজওয়ানা নাহিদ শিশুটির জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
অন্যদিকে, আলী রাজ দুই হাতে লাঠিতে ভর দিয়ে কষ্ট করে চলাফেরা করেন। কখনো এক পা, কখনো অন্য পা টেনে তাকে এগোতে হয়। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে তার মা মারা যান। বাবার আর্থিক অসচ্ছলতা এবং নিজের শারীরিক সীমাবদ্ধতার কারণে তার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। সহজে চলাফেরার জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজন ছিল তার। বৃহস্পতিবার দাদির সঙ্গে ইউএনওর কাছে গেলে তাকে একটি হুইলচেয়ার দেওয়া হয়।
নিজের ফেসবুক পোস্টে ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, উল্লা গ্রামের চার প্রতিবন্ধী মানুষের বিষয়ে প্রথমে এশিয়া পোস্ট, পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তার নজরে আসে। আবু রায়হানের হিয়ারিং মেশিনের প্রয়োজনীয়তার কথা জানতে পেরে তিনি ১৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। একইভাবে আলী রাজের চলাচলের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন। পোস্টে তিনি দুই শিশুর মতো অসহায় জীবন সংগ্রাম করা আলী রাজ ও আবু রায়হানের মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, একই গ্রামের ২৭ বছর বয়সি সাথী খাতুন ও ৪০ বছর বয়সি সাক্ষী খাতুনের জীবনসংগ্রামের কথাও এশিয়া পোস্টের প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল। সাথী খাতুনের চলাচলের জন্য একটি ইলেকট্রিক হুইলচেয়ার ও চিকিৎসা প্রয়োজন। অন্যদিকে জন্ম থেকেই দুই পা না থাকা সাক্ষী খাতুন চার বছর বয়সি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন। তারও প্রয়োজন একটি হুইলচেয়ার ও আর্থিক সহযোগিতা।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, চারজনেরই প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে এবং তারা সরকারি প্রতিবন্ধী ভাতা পান। তবে বিশেষ চিকিৎসা, চলাচলের উপকরণ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে সেই ভাতা যথেষ্ট নয়।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে দুই প্রতিবন্ধীর জন্য সহায়তা প্রদানের ঘটনায় তাদের পরিবারে স্বস্তি ফিরেছে। তবে চারজনের প্রয়োজন এখনো পুরোপুরি পূরণ হয়নি। তাদের চিকিৎসা, চলাচলের উপকরণ ও জীবনযাপনের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা প্রয়োজন।
মানবিক উদ্যোগের মাধ্যমে আলী রাজের চলাচল এবং আবু রায়হানের শ্রবণক্ষমতা উন্নয়নের পথে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়ভাবে আশার সঞ্চার হয়েছে। পরিবারের প্রত্যাশা, অন্য অসহায় প্রতিবন্ধীদের প্রয়োজনের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান মানুষের নজরে আসবে।





