তেজগাঁও থানায় নতুন ওসি, ৩ পরিদর্শকের রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে উত্তরা-পশ্চিম থানার তদন্ত পরিদর্শক মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, মো. মনিরুজ্জামানকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সালাহ উদ্দিন কাদেরকে মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
পাশাপাশি মো. নূরুল ইসলামকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে সাব্বির মোহাম্মদ সেলিমকে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
দাপ্তরিক এই আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে অবগতির জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।



