মোহাম্মদপুরে কব্জিকাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপের’ তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬) ও মো. চাঁন মিয়া (২০)।
শনিবার (২৯ আগস্ট) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-২।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, প্রাথমিক তথ্যানুসন্ধানে গ্রেপ্তার তিনজন ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপের’ সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
তিনি জানান, ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপের’ প্রধান আনোয়ারসহ গ্রুপটির অধিকাংশ সদস্যকে এর আগে র্যাব-২ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। মেজর তাপস বলেন, গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।
হানিফ হোসেন ওরফে জয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি মামলা, দ্রুত বিচার আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। র্যাবের তথ্যমতে, তিনটি মামলার চার্জশিটে তিনি অভিযুক্ত এবং তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনবার গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।
অন্যদিকে, চাঁন মিয়ার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদকের দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-২।



