রাজধানীর পল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলছে

রাজধানীর মিরপুরের পল্লবীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।
বুধবার (১৮ নভেম্বর) পল্লবীর মেট্রো রেলস্টেশনের নিচে এ ঘটনা ঘটে। সকাল থেকে নূনতম মজুরির দাবিতে মিরপুর ১২ পল্লবি মোড়ে কয়েক শ পোশশ্রমিক আন্দোলনে নামেন। এতে এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনের একপর্যায়ে পুলিশকে লক্ষ করে তারা ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা বিভিন্ন গলিতে অবস্থান নেন। কিছুক্ষণ পর আবার সড়কে এসে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়েন তারা।

পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পুলিশও একপ্রকার পিছু হটতে বাধ্য হয়। পরে বিজিবির সদস্যরা এসে পুনরায় ধাওয়া দিলে পোশাকশ্রমিকরা আবার বিভিন্ন গলির ভেতরে চলে যান। এ সময় পুলিশকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জের প্রস্তুতি নিতে দেখা গেছে।
এ সময় আন্দোলনরত পোশাশ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন বলেন, আমাদের কি কোনো মূল্য নেই। সরকার আমাদের মজুরি নিয়ে কেন ঘোষণা দিচ্ছে না? আমাদের যদি একটা ঘোষণা দেয়, তাহলে তো আমরা রাস্তায় নামি না। কেন আমাদের নামতে বাধ্য করছে?
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে।

দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের সতর্ক করে হ্যান্ডমাইকে বলেন, গার্মেন্টস ছুটি হলে আপনারা বাসায় চলে যান। অথবা ছুটি না হলে গার্মেন্টসের ভেতরে থাকেন। অযথা কেউ রাস্তায় দাঁড়াবেন না। আইশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হলো। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।




