logo

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: উইকিপিডিয়া

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ ইসমাইল (২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসমাইল রাজশাহীর গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাশতার আলীর ছেলে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইসমাইল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।