logo
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ

উত্তরায় গ্রেপ্তার সেই মাদক কারবারিদের সাজা

উত্তরায় গ্রেপ্তার সেই মাদক কারবারিদের সাজা
পুলিশের হাতে গ্রেপ্তার ছয় মাদক কারবারি। ছবি: এশিয়া পোস্ট

‘বাসে আসে মাদকের চালান, বিমানবন্দরে প্রকাশ্যে চলে বিক্রি’ শিরোনামে এশিয়া পোস্টে' সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান তাদের সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, তানিয়া আক্তার, রিতা আক্তার, সুমি বেগম, আমেনা আক্তার, মিম আক্তার ও মানিক মিয়া।

তাদের মধ্যে তানিয়া আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, রিতা আক্তারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, সুমিকে সাত মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, আমেনা আক্তারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, মিম আক্তারকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মানিক মিয়াকে আট মাস বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

এই ছয় মাদক কারবারিকে বিমানবন্দর রেলস্টেশন পার্কিংকের সামনের মহাসড়ক, গোলচত্তর ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ধরার জন্য রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফা অভিযান চালায় পুলিশ।

আগের দিন শনিবার ‘বাসে আসে মাদকের চালান, বিমানবন্দরে প্রকাশ্যে চলে বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট। কীভাবে মাদকের চালান আসে এবং কোন-কোন এলাকায় কীভাবে মাদক বিক্রি হয়–বিস্তারিত তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।

এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিএম আল আমিন এশিয়া পোস্টকে বলেন, গ্রেপ্তারের পর মাদক কারবারিদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।