বিমানবন্দরে আনসার সদস্যের ওপর হামলা, প্রবাসীসহ গ্রেপ্তার ৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যের ওপর হামলার ঘটনায় বাহরাইন প্রবাসী মো. কাউসারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মিডিয়া) মো. আশিকউজ্জামান এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় দায়িত্বপালনের সময় রোববার (২৪ মে) রাত ৯টার দিকে আনসার সদস্য মো. আব্দুল কাদের অন্তরের ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে ওই আনসার সদস্যের গলা ও কানের লতিতে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার সরকারি পোশাকের সোল্ডার ব্যাজ ও ইউনিফর্ম ছিঁড়ে যায়।
হামলার কারণ প্রসঙ্গে জানতে চাইলে আশিকউজ্জামান বলেন, বাহারাইন প্রবাসী মো. কাউসার নামের এক যাত্রী ব্যবহৃত ট্রলি নির্ধারিত এলাকার বাইরে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত আনসার সদস্য মো. আব্দুল কাদের অন্তর তাকে নিয়ম অনুযায়ী বাধা দেন। এ সময় ওই যাত্রী উত্তেজিত হয়ে আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
পরে আনসার সদস্য পুনরায় বাধা দিলে ওই যাত্রী তার ওপর চড়াও হন এবং শারীরিকভাবে আক্রমণ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য তাকে ভেতরে নিয়ে আসার চেষ্টা করলে প্রবাসী যাত্রীর দুই ভাই ও এক ভাগনেও ঘটনাস্থলে যোগ দিয়ে কর্তব্যরত আনসার সদস্যকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। রক্তাক্ত জখম করে এবং পোশাক ছিঁড়ে ফেলে।
উপপরিচালক আশিকউজ্জামান বলেন, ঘটনার পর দায়িত্বরত অন্যান্য আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত চারজনকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থার জন্য বিমানবন্দর ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, আহত আনসার সদস্য মো. আব্দুল কাদেরকে প্রথমে বিমানবন্দরের এমআই রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কানের লতিতে সেলাইয়ের প্রয়োজন হওয়ায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিত করতে নিয়োজিত আনসার সদস্যরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু দায়িত্ব পালনকালে অনেক সময় তাদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার মুখোমুখি হতে হয় বলেও জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক আশিকউজ্জামান।
