শিশুখাদ্য কারখানায় বিএসটিআইয়ের অভিযান

রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকায় শিশুদের খাবার ও পানীয় তৈরির একটি কারখানা পরিদর্শন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় শুরু হওয়া এ পরিদর্শনে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।
কারখানাটিতে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস, সফট ড্রিংকস পাউডার ও চকলেট তৈরি এবং বাজারজাত করা হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উঠে আসে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স নবায়নের আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন।
এ সময় নষ্ট হয়ে যাওয়া পানীয়ের গুঁড়া আলাদা করে ধ্বংস করার নির্দেশ দেয় বিএসটিআই। পাশাপাশি পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়।
শিশুখাদ্য উৎপাদনে নিরাপদ ও অনুমোদিত ফুড গ্রেড কালার ব্যবহারের পাশাপাশি নিষিদ্ধ রাসায়নিক পরিহারের নির্দেশনা দেওয়া হয়। কারখানার সার্বিক পরিবেশ সন্তোষজনক বলে উল্লেখ করে শ্রমিকদের গ্লাভস ব্যবহার করার বিষয়টি প্রশংসা করেন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে পণ্যের মান বজায় রাখা এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রতিষ্ঠানটিকে পরামর্শ দেওয়া হয়।


