logo
Advertisement

ওয়াসার উদ্যোগকে ‘দখলবাজি-সহায়ক’ উল্লেখ টিআইবির

গুলশানে ভবন নির্মাণ
এশিয়া পোস্ট প্রতিবেদক
ওয়াসার উদ্যোগকে ‘দখলবাজি-সহায়ক’ উল্লেখ টিআইবির
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রাজধানীর গুলশানে ১১৪ কাঠা জমিতে একটি ব্যক্তিমালিকানাধীন আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাবের ভিত্তিতে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) আবাসিক ভবন নির্মাণের উদ্যোগকে ‘জমি দখলবাজি-সহায়ক’ হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এর তীব্র বিরোধিতা করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে।

টিআইবি উল্লেখ করেছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং রাজউক থেকে বরাদ্দ করা জমি হস্তান্তরের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা ভঙ্গ করে ক্ষমতাসীন দল-সংশ্লিষ্ট এক প্রভাবশালীর মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ওয়াসা একটি সরকারি প্রতিষ্ঠান এবং এর প্রতিটি সম্পদের মালিক জনগণ। উন্মুক্ত ও অংশগ্রহণমূলক দরপত্র আহ্বান ছাড়া একক একটি প্রতিষ্ঠানের প্রস্তাবে সাড়া দিয়ে ভবন নির্মাণের উদ্যোগ আইন ও নীতিকাঠামোর স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের অনৈতিক প্রস্তাব পাওয়া মাত্রই বাতিল করা উচিত ছিল।’

ড. জামান আরও জানান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বিষয়টিকে প্রাথমিক পর্যায়ে দাবি করলেও রাজউকের অনুমোদন ছাড়া এমন উদ্যোগ স্বার্থান্বেষী মহলের কারসাজি। এমনকি ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির একাংশও এতে আপত্তি জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে দাবি জানানো হয়, কোনো রূপ প্রভাব ও চক্রান্তের সামনে নতিস্বীকার না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই প্রক্রিয়া বাতিল করতে হবে। ভবিষ্যতে যদি ওয়াসা জমিতে কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে চায়, তবে স্বচ্ছ ও উন্মুক্ত টেন্ডার-প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জোর তাগিদ দিয়েছে টিআইবি।