logo

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
ছবি: টিআইবির ওয়েব সাইট থেকে নেওয়া

​সংরক্ষিত আসনের এক নারী সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় হাসপাতালে হামলা-দখল, জলমহাল দখলকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সংঘর্ষ এবং কন্টেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনাকে ক্ষমতাসীন দলের জন্য ‘অশনিসংকেত’ উল্লেখ করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অবিলম্বে কঠোর আত্মশুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ।

এতে বলা হয়, সংরক্ষিত এক নারী সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় এবং পুলিশের উপস্থিতিতে ঢাকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা, লুটপাট ও জবরদখল চালায়। পাশাপাশি কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হওয়া এবং কন্টেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনাকে বিচ্ছিন্ন কিছু নয়, বরং একটি ধারাবাহিক প্রবণতা হিসেবে দেখছে সংস্থাটি।

​টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে দরিদ্র ও অসহায় মা-শিশুদের বিনামূল্যে সেবা দিয়ে আসা একটি দাতব্য প্রতিষ্ঠানে হামলা ও দখলপ্রচেষ্টা কোন ধরনের বার্তা দেয়? রক্তক্ষয়ী আন্দোলন ও ঐতিহাসিক নির্বাচনের পর ক্ষমতায় আসা একটি দলের নেতাকর্মীদের এমন আচরণ জনগণের আস্থা ক্ষুণ্ন করছে।’

​তিনি আরও বলেন, “বিগত সরকারের পতনের পর থেকেই বাস টার্মিনাল, হাটবাজার, বালুমহাল, জলমহাল, ক্যাবল ও ইন্টারনেট ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে একশ্রেণির নেতাকর্মীদের মধ্যে বেপরোয়া দখলবাজি ও চাঁদাবাজির প্রতিযোগিতা শুরু হয়। সরকারের এক মন্ত্রীর ‘চাঁদাবাজি দুর্নীতি নয়, সমঝোতার লেনদেন’-সংক্রান্ত বক্তব্য এ অপসংস্কৃতিকে আরও প্রশ্রয় দিয়েছে।”

টিআইবি জানায়, সংস্কৃতির কারণে অপরাধ কমছে না। অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে হবে।

​অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।