logo

মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
ঘটনাস্থল। ছবি: এশিয়া পোস্ট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। শনিবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর-১০, মিরপুর-১১সহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের পর দুপুরে মিরপুর-১ নম্বর এলাকায় গিয়ে ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীদের একাংশ। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে রাজধানীর শাহ আলী থানাধীন মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে।

ঘটনাস্থলে হিমালয় গার্মেন্টস ও বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদেরও সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্যানুযায়ী, দুপুর ২টার পর শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে মিরপুর-১০ এলাকা থেকে আসা শ্রমিকদের একটি অংশ গার্মেন্টসটিতে ভাঙচুর চালায়। একই সঙ্গে পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সেও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে প্রায় ১২০-১৫০ শ্রমিক উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের উত্তেজনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১১ ও আশপাশের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন পোশাকশ্রমিকরা। তারা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

সকাল থেকে চলা অবরোধের কারণে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। বেলা আড়াইটার দিকে আন্দোলনরত শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যান। তবে সেখান থেকে সরে যাওয়ার পর শ্রমিকদের একটি অংশ মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় গিয়ে ভাঙচুরে জড়িয়ে পড়েন।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকরা সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘ভাঙচুরের সঙ্গে যারা জড়িত, তাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হবে। এরপর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দিনভর মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত ছড়িয়ে পড়া এসব ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট