logo

এবার উত্তরায় মাইলস্টোন কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

এবার উত্তরায় মাইলস্টোন কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার দিবাগত মধ্যরাতে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উত্তরা পশ্চিম থানা-পুলিশের পক্ষ থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি অস্বীকার করা হয়েছে। তবে মাইলস্টোন কলেজের সামনে ককটেল বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ এশিয়া পোস্টের হাতে এসেছে।

এ ছাড়া ককটেল বিস্ফোরণের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক জুয়েল ফেসবুকে পোস্ট দিয়েছেন। অপরদিকে গোয়েন্দা সূত্রও ককটেল বিস্ফোরণের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ও ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এমন কোনো ঘটনা তাদের জানা নেই।

এর আগে সোমবার রাত ৯টার দিকে গাজীপুর-ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিমউদ্দিন মহাসড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

উত্তরা বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ পরিদর্শক এশিয়া পোস্টকে বলেন, উত্তরার পূর্ব থানাধীন জসিমউদ্দিন মোড়ে একটি একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।