রামপুরা ব্রিজে গাড়ির ধাক্কায় যুবক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ শহীদুল্লাহ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ জুয়েল রানা জানান, রামপুরা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি শহীদুল্লাহকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শহীদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার ১৫৮৭ নম্বর বাসার হারুন অর-রশিদের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে শহীদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।

