এবার পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের চার নম্বরে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে রামপুরায় বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কুরিয়ার সার্ভিসের সামনে প্রথম একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এর ঠিক কিছুক্ষণ পরে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে রমজান ওরফে বাপন (২১) নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, ওই যুবকের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


