রাজধানীতে নারী ধর্ষণের ভাইরাল পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন: ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া রাজধানীর উত্তরায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও পোস্ট প্রচার করে দাবি করা হচ্ছে— ‘রাজধানীর উত্তরায় স্বামীর সঙ্গে ঈদের মার্কেট করতে এসে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে স্ত্রী অজ্ঞান হয়েছেন।’ তবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই-বাছাই ও অনুসন্ধানে উত্তরা, ঢাকা মহানগরী কিংবা দেশের কোথাও এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
ডিএমপি বলেছে, জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের গুজব ছড়াচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে পুরোনো, সাজানো কিংবা ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা হিসেবে শনাক্ত করেছে।
জনসাধারণকে বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, কোনো তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করা উচিত।
এ ছাড়া গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ডিএমপি।
