logo

মোহাম্মদপুর থেকে ‘কেন্টা’ ফিরোজ ও ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার

মোহাম্মদপুর থেকে ‘কেন্টা’ ফিরোজ ও ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার
মোহাম্মদপুরের ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার ও ‘কেন্টা’ ফিরোজ গ্রেপ্তার। ছবি: ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযানে হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে ‘কেন্টা ফিরোজ’ এবং কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতে মোহাম্মদপুরের পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন ফিউচার মডেল টাউনের ৫ নম্বর রোডে আলমের গ্যারেজের পাশ থেকে ফিরোজ ওরফে ‘কেন্টা ফিরোজকে’ গ্রেপ্তার করা হয়। তাকে কিশোর গ্যাং নেতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, ফিরোজের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা ও দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মারামারি, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ফিরোজের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ ও ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা এবং অপরটিতে ৩০২/১০৯/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, একই রাতে রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দিদার কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। পুলিশি তথ্য অনুযায়ী, জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বে গ্রুপটি পরিচালিত হয়। গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক দুই অভিযানে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।