Advertisement

গুলশানে ৪৩২ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
গুলশানে ৪৩২ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
মো. মিরাজ শেখ ও তার কাছ থেকে জব্দ করা মদ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে ৪৩২ লিটার (৫৭৬ বোতল) বিদেশি মদসহ মো. মিরাজ শেখ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজ শেখের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

শাহ আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিসি-১-এর একটি আভিযানিক দল জানতে পারে, রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক নিয়ে একটি পিকআপ গুলশান-১ এলাকার ৩ নম্বর সড়কের দিকে আসছে।

এরপর র‌্যাব সদস্যরা গুলশান-১-এর ৩ নম্বর সড়কে মইন সেন্টারের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন। রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে টহল দলের সহায়তায় সেটি থামানো হয়।

পরে তল্লাশি চালিয়ে ৪৩২ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় মো. মিরাজ শেখকে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, জব্দ করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।