শ্যামবাজারে ৪৮১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন মজুত ও বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪ হাজার ৮১৫ কেজি অবৈধ পলিথিন জব্দের পাশাপাশি দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসি যায়, শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং ১৫(১) উপধারার টেবিল ৪(খ) অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক ব্যবসায় লিপ্ত হবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযান চলাকালে স্থানীয় দুটি গুদাম থেকে মোট ১৪২ বস্তায় ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।
জব্দকৃত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ডিএসসিসি ও অন্যান্য সংস্থার এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।



