logo

ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ব্যাচম্যাটের মৃত্যুতে আবেগঘন পোস্ট ডিসি ফরিদার
উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের আকস্মিক মৃত্যুতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আশরাফুল আফসারের সহকর্মী ও ব্যাচমেট ফরিদা খানম সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

প্রিয় ব্যাচম্যাট আফসার হঠাৎ করেই গত পরশু (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে এসেছিল আমার অফিসে, গান লাইসেন্স ইস্যুতে। কাজের ফাঁকে ফাঁকে গল্প হলো অনেক। একসঙ্গে লাঞ্চ করলাম। প্রমোশন না পাবার সীমাহীন অব্যক্ত কষ্টের কথা শেয়ার করল খাবার টেবিলে। আশ্বস্ত করেছিলাম, নেক্সট রিভিউতে অবশ্যই পাশে থাকব তার। বাইরে ঝুম বৃষ্টি। গরুর মাংস, মুরগির মাংস, বেগুন ভাজি ও লেটকা খিচুড়ি রান্না হলো আফসারের রেসপেক্টে। সঙ্গে সালাদ, আচার আর দই মিষ্টি। পাশাপাশি বসে খাচ্ছিলাম জেলা প্রশাসনের অন্যান্য অফিসারদের নিয়ে।

খাবারের ফাঁকে ফাঁকে ছোট ছোট করে বলছিল, ‘আপা, এই ছোট ভাইটার দিকে খেয়াল রাইখেন একটু। সাগীর, মোস্তাফিজ চেষ্টা করবে। নুরজাহান স্যারকে কাইন্ডলি আপনি একটু বলবেন।’ খুবই কম খেলো। গরুর মাংস ছুঁয়েও দেখল না। খাবার শেষে দই মিষ্টি খেতে বললে উত্তর দিল ‘আপা অনেক দিন ধরে ডায়াবেটিস, হিসেব করে চলতে হয়।’ সঙ্গে মৃদু হেসে দিয়ে বলল, ‘জয়েন্ট সেক্রেটারি হতে হবে না!!’

কী যে অভূতপূর্ব বিনয় তার!!! যতটা সময় ছিল, সিনিয়র কেউ আসলে যতবারই আমি উঠে দাঁড়িয়েছি, ততবারই সে উঠে দাঁড়াল। বিরক্ত হয়ে বললাম, আমি তো ব্যাচমেট। এতবার দাঁড়াচ্ছেন কেন? সরল হাসিতে উত্তর দিল ‘আপা, এটা চেয়ারের রেসপেক্ট।’

প্রায় ৪টার দিকে অফিস ছাড়ল। দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট গিফট। বললাম, দুটো চায়ের কাপ আছে এখানে। একটা আপনার, একটা ভাবির। চা খাবেন কোনো এক সুন্দর মুহূর্তে দুজন মিলে। একটা ছবি তুলতে চাইলাম। বিসিক চেয়ারম্যানের কল আসাতে শেষ স্মৃতিটা রাখা গেল না আর। সন্ধ্যায় আফসার টেক্সট করল- ‘আপা, গিফট আপনার ভাবি আর আমার বাচ্চারা দারুণ পছন্দ করেছে!! আমার প্রতি আস্থা রাখতে পারেন।’

একেবারে তাজা স্মৃতি!! ওহ্ সৃষ্টিকর্তা!! এই কি তোমার সৃষ্টির রহস্য!! এই কি আপনার চলে যাওয়ার বয়স, প্রিয় ভাইটা আমার!! আফসার, আজকে থেকে আপনি ওপারে অপেক্ষায় থাকবেন দিন মাস বছর যুগ যুগান্তর। আমরাও আসব!! আবারও দেখা হবে কোনো এক ধূসর মুহূর্তে!!!

বিনম্র শ্রদ্ধা শোক সন্তপ্ত পরিবারের প্রতি!!’’