logo

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, লাখ টাকা জরিমানা
রাজধানীর দারুস সালাম এলাকায় ‘মধু আইসক্রিম’ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর দারুস সালাম এলাকায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার দায়ে ‘মধু আইসক্রিম’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে প্রস্তুত করা আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির প্রসিকিউটিং কর্মকর্তা আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) এবং পরীক্ষক (মেট্রোলজি) কৌশিক দাস দূর্জয় অংশ নেন।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির আইসক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কোনো সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার বিষয়টি নিশ্চিত হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া প্রস্তুতকৃত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির কারখানার উৎপাদন পরিবেশ উন্নত করা এবং আইনানুযায়ী বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন , জনস্বার্থে ভেজাল, নিম্নমানের ও মাননিয়ন্ত্রণবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট