logo

রাজধানীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রাজধানীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪
আটককৃতরা। ছবি: ডিএনসির সৌজন্যে

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া, সাড়ে ৭ কেজি গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) পৃথক তিনটি সার্কেল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

Advertisement

মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করে। ডিএনসি জানায়, গ্রেপ্তার আতিকুর একটি আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত। তিনি টেকনাফ থেকে মাদক এনে এই ফ্ল্যাটে মজুত করতেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

ডেমরা সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে অপর একটি দল কোতোয়ালী থানার সদরঘাট সিমসন রোডস্থ আমিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। সেখানে অমুল্য কুমার রায় নামের এক ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা এবং ১০০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিও টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ছাড়াও খিলগাঁও সার্কেলের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি দল খিলগাঁওয়ের মেরাদিয়া রজব আলী বাদশা সড়ক ও উত্তর মুগদাপাড়ার ঝিলপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় রিনা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হলেও শরমিন আক্তার ও মো. জিন্নাতুল ইসলাম নামের দুই আসামি পালিয়ে যান। এ ছাড়া একই দল মুগদা এলাকায় পৃথক অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মো. রোহান নামের আরেক যুবককে গ্রেপ্তার করে।

অভিযানে আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।