ঈদের ছুটিতে মেট্রোরেলে দৈনিক যাতায়াত করেছেন দেড় লাখ যাত্রী

ঈদুল আজহার বন্ধের দিনগুলোতে গড়ে দেড় লাখ মানুষ মেট্রোরেলে যাতায়াত করেছেন। ঈদের আগে ও পরে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে গত ২৫ মে হতে ৩১ মে পর্যন্ত ঢাকা মেট্রোরেল নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেছে। বন্ধের দিনে গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।
বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গনসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সময়ে ঈদের দিন ব্যতীত অন্য দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী দৈনিক ১৪০টি মেট্রোরেলের ট্রিপ পরিচালনা করা হয়েছে এবং দৈনিক গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।
যাত্রী চাহিদার প্রেক্ষিতে তাৎক্ষণিক ট্রেনের ট্রিপ সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ১০টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়। ডিএমটিসিএলের সব কর্মকর্তা/কর্মচারী সরকারি ছুটির দিনেও নিরলস কাজ করেছেন।
এছাড়া মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিষ্কার ০ কার্যক্রম গ্রহণ করা হয়। ঈদের বন্ধের সময়ে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও নিরাপদে মেট্রোরেল চলাচলে সহযোগিতা করার জন্য ঢাকা মেট্রোরেলের যাত্রী এবং অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
