৩০০ ফিট থেকে যুবলীগ নেতা আটক

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়ক থেকে হাবিবুর রহমান (৩১) নামের ওয়ার্ড যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করেছে খিলক্ষেত থানা পুলিশ।
আটক হওয়া ওই যুবলীগ নেতা হলেন, খিলক্ষেতের বড়ুয়া শিলনপাড়া এলাকার সিরাজ দেওয়ানের ছেলে। সে খিলক্ষেতের ৪৮ নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
থানা পুলিশ জানিয়েছে, সম্প্রতি ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল। সর্বশেষ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঝটিকা মিছিলসহ তার বিরুদ্ধে প্রাপ্ত বিভিন্ন তথ্য ও অভিযোগ বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, খিলক্ষেত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। তাকে যাচাই বাছাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে মোকাবিলা করা হবে। খিলক্ষেতকে নিরাপদ রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।
