রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।
পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলার সঙ্গে জড়িত। তবে কী নিয়ে বিরোধ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার তদন্ত করছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ওয়ারী থানার উপপরিদর্শক এসআই আল আমিন বলেছেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



