গুলিস্তানে ডিবির অভিযানে ৩১৬ চোরাই মোবাইল ও ৯ ট্যাব উদ্ধার

চুরি ও ছিনতাই করা মোবাইল ফোনের ‘গোপন বাজার’ বসেছিল রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে। ফুটপাতেই চলছিল চোরাই মোবাইলের কেনাবেচা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১৬টি চোরাই মোবাইল ফোন, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একজন শিশুকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশের ফুটপাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। অভিযানে চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িতদের আটক করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে সংগ্রহ করতেন। পরে এসব মোবাইল গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড়সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে কেনাবেচা করতেন।
অভিযানে তাদের হেফাজত থেকে ৩১৬টি চোরাই মোবাইল ফোন, ৯টি ট্যাব এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. কাউসার হোসেন (২৭), তানভীর হাসান (২৩), মো. সাগর (৩২), মো. শামীম (২৯), মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. নূর আল হোসেন (৩২), মো. দুলাল (৪৫), মো. জাহিদ হোসেন (২৯), মো. লিটন (১৮), মো. রাজিন (১৯), ওমর ফারুক (২৯) ও মো. কাউসার ইসলাম (১৯)। এ ছাড়া একজন শিশুকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি ও ছিনতাই করা মোবাইল সংগ্রহ করে গুলিস্তানে কেনাবেচার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
