মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক সোবহান গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোবহানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। সোবহান শরীয়তপুরের নড়িয়া থানার দিনারা গ্রামের মফিজউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবাদ (১১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার।
এএসপি তপন সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ধলপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল। অভিযানে সোবহানকে গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘সোবহান যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৭৩(৪)১৭-এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।’
সোবহান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


