মালিকানা নিয়ে নিউ গিনি প্রোপার্টিজে ফের হট্টগোল-মারামারি

জমির মালিকানা নিয়ে ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রোপার্টিজে ফের হট্টগোল-মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ২ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মো. আল আমিন।
আল আমিন বলেন, ‘নিউ গিনি প্রোপার্টিজে ফের হট্টগোল হয়েছে। এক পক্ষ বলছে জমির মালিকানা আমাদের, আরেকপক্ষ বলছে তাদের। এ নিয়ে তাদের মধ্যে মারামারিও হয়েছে। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক।’ রয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে ক্যান্টনমেন্ট থানার এসআই শিল্পী বলেন, ‘১২-১৩ জনকে ধরে থানায় আনা হয়েছে। তাদের নাম-ঠিকানা এখনো লেখা হয়নি। মাত্রই তাদেরকে নিয়ে আসা হয়েছে, এখনো তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের তথ্যমতে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে একজন নিউ গিনি প্রোপার্টিজে আবার হামলার অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। আসামি করা হয় নাম না জানা আরও ১৫০-২০০ জনকে।
ওই ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন।


