logo

রাস্তা নিয়ে বিরোধে লাঠির আঘাতে ব্যক্তির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

রাস্তা নিয়ে বিরোধে লাঠির আঘাতে ব্যক্তির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি ডয়েচে ভেলে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়ির সামনের রাস্তায় হামলার শিকার হয়ে তিনি মারা যান বলে অভিযোগ করেছে তার পরিবার।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের জামাতা ইমরান জানান, দুপুর সোয়া ১টার দিকে শিমরাইল উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তায় নাঈম খানের ওপর হামলা চালান প্রতিবেশী হোসেন, ইকবাল, মায়াসহ আরও তিন-চারজন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে নাঈম খানের ওপর এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ইমরান আরও জানান, খবর পেয়ে তারা নাঈম খানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই তার শ্বশুরের ওপর হামলা চালানো হয়েছে বলে তাদের অভিযোগ। সামান্য রাস্তার জন্য একজন মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হলো। তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত রক্ষা করতে পারিনি। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

নাঈম খান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। পেশায় তিনি চায়ের দোকানি ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।