মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া দিল পুলিশ

রাজধানীর মিরপুরে সড়কে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মহাসড়কে নেমে বিক্ষোভ চেষ্টাকালে পোশাক শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকালে প্রথমে মিরপুর-১৪ নম্বর সড়কে জড়ো হয় শ্রমিকরা। পরে মিরপুর-১০ নম্বর মোড়ে নেমে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রোজিনা খাতুন জানান, গার্মেন্টস শ্রমিকরা সড়কে নেমে যেন নাশকতা করতে না পারে, সে কারণে আমাদের স্যাররা সড়কে রয়েছেন। সেই সঙ্গে অতিরিক্ত ফোর্সও মোতায়েন রয়েছে।
তিনি বলেন, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গার্মেস্টস শ্রমিকরা নেমে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে হটিয়ে দেয়। তবে এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গার্মেন্টস শ্রমিকদের গত দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনার পর মিরপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
গত শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া এই অসন্তোষ গতকাল রোববার প্রকাশ্যে রূপ নেয়। এদিন শ্রমিকদের বিক্ষোভ এবং সড়ক অবরোধে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে গতকাল (রোববার) আন্দোলনকারীরা রাস্তায় নামে এবং গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পুলিশের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীরা চলে যেতে বাধ্য হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

